বাহরাইনের দিকে ইরানের ছোড়া একাধিক একমুখী হামলাকারী ড্রোন আকাশেই প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) থেকে ছোড়া এসব ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় মার্কিন সামরিক সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন।

এর আগে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থায় সফল হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ সেই দাবি নাকচ করে দিয়েছে। পাশাপাশি বাহরাইন সরকারও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ধেয়ে আসা ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যে সংঘাত শুরু হয়েছিল, তা ইতিমধ্যে পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলমান এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা থমকে থাকার মধ্যেই নতুন করে এই ড্রোন হামলার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও তীব্র হলো।