বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল কেন্দ্র তুরস্কের আনতালিয়ায় নারী অধিকার নিশ্চিতের দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন দেশের তরুণী ও অধিকারকর্মীরা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ অবিলম্বে বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়ন ও নীতিনির্ধারণে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় সময় সোমবার দুপুরে সম্মেলনস্থলের গ্রিন জোন ও ব্লু জোনের মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে আয়োজিত এই বিক্ষোভে নানা মহাদেশ থেকে আসা তরুণ সংগঠক, আদিবাসী প্রতিনিধি ও পরিবেশকর্মীরা অংশ নেন।

আন্দোলনকারীদের হাতে ‘ইমপ্লিমেন্ট দ্য বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ লেখা রঙিন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। সমবেত কণ্ঠে স্লোগানের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁদের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরেন। ভারতের আদিবাসী তরুণ অধিকারকর্মী বাবিথা পুসপালাথা সিষুপালান বলেন, জলবায়ু সংকটের প্রভাবে বিশ্বজুড়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাঁরা আজও উপেক্ষিত। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে গৃহীত নয় বছর মেয়াদি এই কর্মপরিকল্পনাটি এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল পর্যায়ের নারীদের জন্য সরাসরি জলবায়ু তহবিল বরাদ্দ এবং নারী পরিবেশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

বিজ্ঞাপন · inarticle_1

তরুণীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রবীণ আদিবাসী মানবাধিকারকর্মী মেরি অ্যান লায়ন্স। ‘গ্র্যান্ডমাদার’ হিসেবে পরিচিত এই নেত্রী মাইক্রোফোন হাতে নিতেই উপস্থিত তরুণীরা উলুধ্বনি ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রগুলোর উদাসীনতার সমালোচনা করে মেরি অ্যান লায়ন্স বলেন, কোনো দেশই বেলেম ঘোষণার শর্ত মানছে না; বরং নারীদের অধিকার ও সম্মানকে উপেক্ষা করে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন তানজানিয়ার আন্তর্জাতিক জলবায়ু ও নারী অধিকার নীতিবিষয়ক সংগঠক মওয়ানাহামিসি সালিমু সিঙ্গানো। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, রাষ্ট্রগুলো পরিকল্পনা ঘোষণা করলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না, আর সেই জবাবদিহিতা নিশ্চিত করতেই তাঁরা রাজপথে নেমেছেন। উল্লেখ্য, ২০২৬-২০৩৪ মেয়াদের এই বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যানে নারীর সক্ষমতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে ২৭টি কার্যক্রম ও ৯৮টি সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করা হয়েছে।