মার্কিন শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে রাসায়নিক বা তেজস্ক্রিয় বিস্ফোরণের ছক কষছে তেহরান; জরুরি সতর্কতায় হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে তেজস্ক্রিয় পদার্থযুক্ত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটানোর গোপন পরিকল্পনা করছে ইরান। সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলমান সামরিক চাপ ও কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে তেহরান মার্কিন ভূখণ্ডের ভেতরেই বড় ধরনের নাশকতার ছক কষছে। যদিও ইরানের এই পরিকল্পনা বাস্তবায়নের মতো পর্যাপ্ত সক্ষমতা বা লোকবল যুক্তরাষ্ট্রে রয়েছে কি না, তা নিয়ে মার্কিন গোয়েন্দাদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ও অবস্থানের তথ্য পাওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

বিজ্ঞাপন · inarticle_1

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরান সম্ভবত কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্রের ভেতরে গোপনে বোমা তৈরির সরঞ্জাম ও তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান মজুত করে রেখেছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে তৈরি ‘ডার্টি বোমা’ পারমাণবিক বোমার মতো ব্যাপক ধ্বংসযজ্ঞ না ঘটালেও নির্দিষ্ট এলাকাকে বসবাসের অযোগ্য করে তুলতে এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম। এই অপ্রচলিত অস্ত্র তৈরিতে ইরানের নিজস্ব প্রশিক্ষিত এজেন্ট পাচারের প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাউকে ব্যবহার করেই এটি ঘটানো সম্ভব—যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। ইতোমধ্যেই সম্ভাব্য হুমকির মুখে গত সপ্তাহে মার্কিন সিক্রেট সার্ভিস অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নিরাপদ সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে।

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই এই নতুন হুমকির খবর সামনে এল। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস দেশের ভেতরে তাৎক্ষণিক কোনো বিশ্বাসযোগ্য হুমকির কথা নাকচ করলেও, পর্দার আড়ালে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা দফায় দফায় জরুরি বৈঠক করছেন। অন্যদিকে, বিদেশিদের যোগাযোগ নজরদারির একটি গুরুত্বপূর্ণ মার্কিন আইনের মেয়াদ গত জুনে শেষ হয়ে যাওয়ায় গোয়েন্দা সংস্থাগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইনটি দ্রুত পুনর্বহালের জন্য অ্যাটর্নি জেনারেল ও সিআইএ পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা কংগ্রেসের কাছে জরুরি চিঠি পাঠিয়েছেন, যাতে মাতৃভূমি ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের এক মুখপাত্র রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তবে মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ওপর ইরানের সম্ভাব্য রাসায়নিক হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। বিশ্লেষকদের মতে, ইরান ভয়াবহ পাল্টা আঘাতের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকলেও, তেহরানের শাসকগোষ্ঠী যদি মনে করে যে তাদের অস্তিত্ব চরম সংকটে পড়েছে, তবে তারা যেকোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।