মস্কো ও পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক সম্পর্কের মধ্যে ক্রেমলিনে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত; যৌথ অভিযানের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা রাশিয়ার।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার (১৬ নভেম্বর) মস্কোর ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনকে স্বাগত জানানোর সময় তিনি এই মন্তব্য করেন। ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে একটি উচ্চপর্যায়ের দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে গত ১৪ নভেম্বর মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন।
বৈঠকের সূচনা বক্তব্যে ভ্লাদিমির পুতিন উল্লেখ করেন যে, ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের অভিযানে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার যোদ্ধারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কোরীয় সেনাদের ত্যাগের কথা স্মরণ করে পুতিন বলেন, রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কোরীয় যোদ্ধাদের বীরত্ব মস্কো কখনোই ভুলে যাবে না। শুধু রণাঙ্গনেই নয়, বরং যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের অবকাঠামো পুনর্গঠন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশল ও নির্মাণ ইউনিটগুলোর নিরলস কাজেরও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি, এই যৌথ সামরিক অভিযানের স্মৃতি ধরে রাখতে চলতি বছরের শেষ নাগাদ কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অন্যদিকে, উত্তর কোরিয়ার প্রতিনিধি জো ইয়ং-ওন এই সফরকে প্রেসিডেন্ট পুতিনের প্রতি পিয়ংইয়ংয়ের দল ও সরকারের দৃঢ় সংহতির প্রতিফলন হিসেবে অভিহিত করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে একটি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সম্মিলিত পশ্চিমা বিশ্বের কথিত নব্য-উপনিবেশবাদ এবং নব্য-নাৎসিবাদ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা মোকাবিলায় মস্কোর গৃহীত উদ্যোগের প্রতি উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর দুই দেশের মধ্যে যে গভীর সামরিক ও কূটনৈতিক মৈত্রী গড়ে উঠেছে, এই সফর সেটিকে আরও সুদৃঢ় করেছে।
এদিকে মস্কো ও পিয়ংইয়ংয়ের এই ঘনিষ্ঠতার বিপরীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি দাবি করেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে এবং এর সরবরাহ বর্তমানে প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিসহ ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের কাছে কার্যকর হামলা চালানোর মতো উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে এবং রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করার বিষয়ে পুনরায় আলোচনা শুরু করা জরুরি।



