যুক্তরাষ্ট্রে নিয়োগদাতার স্পনসরশিপের মাধ্যমে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও জটিল ও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির শ্রম দপ্তর। মূলত উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরিতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই সোমবার (১৬ নভেম্বর) এই নতুন প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় যোগ্য কর্মী খোঁজার ক্ষেত্রে আরও কড়া শর্ত পূরণ করতে হবে।

এ প্রসঙ্গে মার্কিন শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এক বিবৃতিতে জানান, আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা এবং কর্মক্ষেত্রে প্রথম সুযোগ পাওয়ার অধিকার তাঁদেরই। বিদ্যমান বিধিমালার ফাঁক গলে অনেক প্রতিষ্ঠান স্থানীয় কর্মীদের যথাযথ বিবেচনায় না নিয়েই বিদেশিদের স্পনসর করার সুযোগ পাচ্ছিল। নতুন এই সংস্কার বাস্তবায়িত হলে উচ্চ বেতনের পদগুলোতে মার্কিন নাগরিকদের সুরক্ষা ও অগ্রাধিকার সুনিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন · inarticle_1

প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো স্থায়ী শ্রম সনদ বা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচিতে এমন বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব আনা হলো। নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগদাতাদের ছাপা পত্রিকার বদলে অনলাইনে অন্তত ৯০ দিন চাকরির বিজ্ঞাপন প্রচার করতে হবে এবং স্থানীয় কর্মী নিয়োগে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট কোনো বিদেশি কর্মীর সুবিধার্থে চাকরির শর্তাবলি সাজানোর সুযোগও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এ ছাড়া নার্স, ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিজ্ঞান বা শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের ক্ষেত্রে শ্রমবাজার যাচাইয়ের যে প্রশাসনিক ছাড় ছিল, তা বাতিলের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে গত দুই বছরের মধ্যে যেসব প্রতিষ্ঠান মার্কিন কর্মী ছাঁটাই করেছে, তারা সমমানের পদে বিদেশি কর্মী নিয়োগের জন্য শ্রম সনদের আবেদন করতে পারবে না। ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর এই প্রস্তাবের ওপর জনমত ও সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া জানানোর জন্য ৬০ দিন সময় নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি