হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের দক্ষিণ আকাশে উড়তে থাকা একটি মার্কিন গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বাহিনীটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আইআরজিসি ড্রোনটিকে ‘এমকিউএম-১৭০’ মডেল হিসেবে শনাক্ত করে জানিয়েছে, এটি ইরানি বাহিনীর হাতে আটক হওয়া নবম আমেরিকান ড্রোন।

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল আকাশযানটি। সে সময় একটি বিশেষ ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের মাধ্যমে ড্রোনটির নির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করতে বাধ্য করা হয়। এর একদিন আগেই সোমবার দেশীয় প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

বিজ্ঞাপন · inarticle_1

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পাল্টা জবাবে তেহরানও ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়। পরবর্তীতে গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।