হুমকি কিংবা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি কোনোভাবেই থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত ওই বার্তায় ওয়াহিদি দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক বা প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত প্রয়াত বিজ্ঞানী ও কমান্ডার হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন · inarticle_1

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আহমদ ওয়াহিদি বলেন, “আজ একই চেতনা ও উদ্দীপনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং মাটির নিচে দেশের প্রতিরক্ষা শক্তি গড়ে তুলছেন।”

পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “শত্রুদের স্পষ্টভাবে বুঝতে হবে যে, শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে রুদ্ধ করা যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

বার্তায় আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির অবদানের কথা স্মরণ করে তাদের প্রতিও শ্রদ্ধা জানান বাহিনীপ্রধান। একই সঙ্গে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।