অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আবাসিক ভবন, শ্রমিকদের বাসস্থান, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হচ্ছে না বিদেশি নাগরিকদের। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যে পরিচালিত এমনই এক অভিযানে খাটের নিচ থেকে আত্মগোপনে থাকা এক বিদেশিকে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।
চলতি বছরের প্রথম ১০ মাসের (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর) তথ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে দেশজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এবং ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে গত ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত হালনাগাদ তথ্যে এই সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। সংসদের তথ্যমতে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযানে মোট ৭০ হাজার ১৯৫ জন বিদেশিকে আটক করা হয়েছে। সে হিসাবে দেশটিতে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালিত হচ্ছে এবং ২২৮ জনের বেশি অনিয়মিত অভিবাসী ধরা পড়ছেন।
সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং এবং হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ শীর্ষক তিনটি পৃথক অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। সেখানে ৩৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন নাগরিককে আটক করা হয়। রাজ্য অভিবাসন বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, তল্লাশির সময় কয়েকজন বিদেশি সংকীর্ণ স্থানে লুকানোর চেষ্টা করছেন এবং খাটের নিচ থেকে একজনকে টেনে বের করে আটক করা হচ্ছে।
এলাকাভিত্তিক অভিযানে আমপাংয়ের খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ১০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে আটজন মিয়ানমারের এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। এ ছাড়া হুলু লাঙ্গাত এলাকা থেকে পোল্যান্ডের একজন নাগরিককে আটক করা হয়েছে। এসব ঘটনায় একজন সাক্ষীকে সমন জারির পাশাপাশি অবৈধ কর্মী নিয়োগের দায়ে এক নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে। অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পুলিশ, সিটি কাউন্সিল ও রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের যৌথ অভিযানে অনুমোদনহীন জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ পরিদর্শন করা হয়। সেখানে ধর্মীয় বিভাগের বিধিমালার আওতায় ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাওয়া যায়নি।
অবৈধ অভিবাসীদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়োগকর্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র নিশ্চিত করার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের কোনো তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে নির্ধারিত সরকারি মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
কঠোর অভিযানের পাশাপাশি অনিয়মিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)’ চালু রেখেছে মালয়েশিয়া সরকার, যার মেয়াদ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৈধ পাস না থাকা বা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানকারীরা অপরাধের ধরন ভেদে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা, ২০ রিঙ্গিত বিশেষ পাস ফি, বৈধ ভ্রমণ নথি এবং ফেরার টিকিট জমা দিয়ে এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে পারবেন। সরকারি তথ্যমতে, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অভিবাসী এতে নিবন্ধন করেছেন, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত। তবে প্রত্যাবাসনের সুযোগ থাকলেও ধরপাকড় অব্যাহত থাকায় বাংলাদেশিসহ সব অনিয়মিত অভিবাসী এবং তাদের আশ্রয়দাতা ও নিয়োগকর্তারা বড় ধরনের আইনি ঝুঁকির মধ্যে রয়েছেন।



