যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বাতিলের অচলাবস্থার রেশ কাটতে না কাটতেই এবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে কোপা এয়ারলাইনস ও ইউপিএসের দুটি বোয়িং বিমান। শনিবার রাতে অবতরণ করার পর ট্যাক্সি করার সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশের এই ধাক্কা লাগে। এতে দুজন আহত হন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউপিএসের বিমানটিকে পথ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে এফএএ। ঘটনার পর কোপা এয়ারলাইনসের ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু নিরাপদে বিমান থেকে নেমে আসেন। তবে সংঘর্ষে ইউপিএসের বিমানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



