নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বিতর্কিত বিশেষ ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ইউনিটের পরিবর্তে একটি নতুন ‘উত্তেজনা প্রশমনকারী দল’ গঠন করা হবে।
সোমবার মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোহরান মামদানি জানান, সাংবিধানিক অধিকার অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গিয়ে নিউইয়র্কবাসীদের সন্ত্রাসবাদবিরোধী অভিযানের মতো কঠোর পুলিশি আচরণের মুখোমুখি হওয়া উচিত নয়। নতুন এই ব্যবস্থায় বেসামরিক নেতৃত্বের অধীনে সংলাপ, সম্পৃক্ততা এবং উত্তেজনা প্রশমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, এই সংস্কারের মাধ্যমে কাউন্সিল সদস্য চি ওসের প্রস্তাবিত ‘কার্ব অ্যাক্ট’-এর মূল লক্ষ্যগুলো বাস্তবায়িত হলো, যা নাগরিকদের অধিকার রক্ষা ও শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রায় ৫০০ প্রশিক্ষিত সদস্য নিয়ে গঠিত বর্ম-পরিহিত এসআরজি ইউনিটটি দীর্ঘদিন ধরেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ ও গণগ্রেপ্তারের কারণে সমালোচিত ছিল। বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত ফিলিস্তিনপন্থী সমাবেশ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে চলা ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহারের ঘটনায় দলটি তীব্র বিতর্কের জন্ম দেয়।
মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন এই কাঠামোর ফলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণে মৌলিক পরিবর্তন আসবে এবং যোগাযোগ ও বেসামরিক সমন্বয়কে মূল ভিত্তি হিসেবে ধরা হবে। নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে শহরে প্রতিবাদ জানানো আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে তাদের মতপ্রকাশ করতে পারবেন।
তবে এই সংস্কারের পরও পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে খুব একটা পরিবর্তন আসবে না বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। এবিসি৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, এসআরজি ভেঙে দেওয়া হলেও ভিড় নিয়ন্ত্রণের মতো পরিস্থিতিতে এনওয়াইপিডি আগের মতোই প্রচলিত কৌশলে সাড়া দেবে এবং নাগরিকরা পুলিশের কাছ থেকে পরিচিত প্রতিক্রিয়াই দেখতে পাবেন।
সূত্র: মিডল ইস্ট আই



