যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দারচিয়েভ। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় তার এই প্রয়াণ ঘটল। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মস্কোর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দারচিয়েভকে একজন অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও নিবেদিতপ্রাণ সহকর্মী হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে তিনি একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ছিলেন।
উল্লেখ্য, গত বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পরপরই আলেকজান্ডার দারচিয়েভকে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তিনি মস্কোর এই পদক্ষেপকে ‘প্রয়োজনীয়’ বলে সমর্থন জানিয়েছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর তথ্য অনুযায়ী, দারচিয়েভের জন্ম একটি কূটনীতিক পরিবারে। তার বাবা নিকিতা ইভানোভিচ দারচিয়েভ হাঙ্গেরিতে রুশ দূতাবাসে মন্ত্রী-কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৯২ সালে কূটনৈতিক কর্মজীবন শুরু করা দারচিয়েভ দীর্ঘ পেশাজীবনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে প্রথম সচিব ও প্রধান হিসেবে কাজ করেছেন। ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সেখানে মন্ত্রী-কাউন্সেলর পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ২০১০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক হিসেবে ফিরে আসার পর গত বছর যুক্তরাষ্ট্রে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদেই কর্মরত ছিলেন।



