আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েনকৃত বাহিনীর মধ্যে এককভাবে সর্বোচ্চ ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞাপন · inarticle_1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে।

মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে কর্মকর্তারা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।