বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনে অবস্থানরত রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং প্রাণভয়ে অনেকেই দ্রুত নিচে নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখেন। ধোঁয়া ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভবনজুড়ে আতঙ্ক তৈরি হয়। কারও ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ ধারণা করেন, যদিও প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর ধোঁয়ার ভয়ে সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন এবং যে যেভাবে পেরেছেন দ্রুত ভবন থেকে বেরিয়ে যান।
পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিভে যাওয়ায় তাঁদের আর কাজ করতে হয়নি। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছিল, তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।



