গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই রদবদলের দিনেই গোপালগঞ্জ শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত দোকানপাট বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন · inarticle_1

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতার কারণে বড় কোনো অপ্রীতিকর ঘটনা বা জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার আগের দিন শনিবার রাতে জেলার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।