গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ (বেসামরিক প্রশাসনকে সহায়তা)-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে সীমান্তরক্ষী এই বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এই ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

বিজ্ঞাপন · inarticle_1

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন।