গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে রোববার (১৫ নভেম্বর) ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কারখানাগুলো বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্প পুলিশের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে এবং ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি অনুসরণ করে আজকের জন্য কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ পুনরায় কারখানা চালুর সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত শ্রমিকদের ছুটি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রোববার সকালেও কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে এবং কিছু কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। শিল্প পুলিশ মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধের নোটিশ জারি না হওয়া পর্যন্ত কোনো কারখানাকে বন্ধ হিসেবে বিবেচনা করা যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।
এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।



