ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন এবং যমুনা কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে প্রবেশ না করে বাইরে জড়ো হন। পরে বিপুলসংখ্যক শ্রমিক একত্রিত হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিছিল বের করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নেন। এতে ওই ব্যস্ততম সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর পরপরই শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। জনদুর্ভোগ কমাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।



