গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। মূলত জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

এর আগে শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলতি মাসের শুরুতে অর্থাৎ গত ১০ নভেম্বরও গোপালগঞ্জে একই সংখ্যক (৬ প্লাটুন) বিজিবি মোতায়েন করা হয়েছিল।