বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে। ‘ভোলা নর্থ-৩’ নামের এই কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু হয়। বাপেক্সের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নিবিড় তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1

বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটি মাটির নিচে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর আগে শনিবার কূপটির পারফোরেশন কাজ সফলভাবে সম্পন্ন হয় এবং ডিএসটি শুরুর পূর্বে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া যায়।

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেলেও, চলমান পরীক্ষা পুরোপুরি শেষ হওয়ার পরই এর প্রকৃত মজুত ও চূড়ান্ত উৎপাদন সক্ষমতা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাপেক্স।

উল্লেখ্য, ‘ভোলা নর্থ-৩’ হলো দ্বীপজেলা ভোলার দশম গ্যাসকূপ। নতুন এই কূপটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা ১০টিতে উন্নীত হবে, যা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।