শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ চূড়ান্ত করেছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গত বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা একটি জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো চিঠিটিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে সম্মতি দেন।
প্রকল্পের অগ্রগতির বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে ১৯৬০-এর দশকে নির্মিত ৮টি ভবনই বর্তমানে বেশ নাজুক অবস্থায় রয়েছে। এসব জরাজীর্ণ ভবন ভেঙে নতুন কাঠামো নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবেই শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সরকারি সিদ্ধান্তের শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেকৃবি শিক্ষার্থীরা। তাদের দাবি, এই জমিটি মূলত বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা ও সম্প্রসারণ কাজের জন্য নির্ধারিত ছিল। দীর্ঘদিন বাণিজ্য মেলার জন্য ব্যবহৃত হওয়ার পর এখন স্থায়ীভাবে জমিটি হাতছাড়া হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষার্থীরা একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।



