রাজধানী ঢাকার বাতাসের মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যানুযায়ী, ২৩৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। বাতাসের এই মান জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
তালিকায় ৩৬২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, যেখানকার বাতাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। ঢাকার পরপরই ২২৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের কলকাতা এবং ২২৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দেশটির আরেক শহর দিল্লি। এ ছাড়া ২১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আফগানিস্তানের কাবুল এবং ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। তালিকার শীর্ষ দশে থাকা বাকি শহরগুলোর বায়ুমান সূচক ৯৯ থেকে ১৭০-এর মধ্যে ঘোরাফেরা করছে।
আন্তর্জাতিক বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর সবার জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে পৌঁছালে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ পেরিয়ে গেলে ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ অবস্থা বলা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ। বাতাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সুস্থ ব্যক্তিদেরও খোলা আকাশের নিচে ভারী শারীরিক পরিশ্রম বা ব্যায়াম সীমিত রাখার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের তাগিদ দেওয়া হয়।



