তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছুড়ে মারার ঘটনার পর একজনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
শুক্রবার (১৬ মে) দুপুরে এ তথ্য জানান তিনি। এ ঘটনায় জানা যায়, মাহফুজ আলম সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় এই ঘটনাটি ঘটে। তার ওপর পানির বোতল নিক্ষেপ করে এক ব্যক্তি। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ বিষয়ে মাহফুজ আলম বলেন, "এটি একটি নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা ঘটানো হয়েছে, যাদের আমি স্যাবোট্যুর মনে করি। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে স্যাবোটাইজ করার চেষ্টা করেছে।"
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিনটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়েন। পরে তারা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। বৃষ্টি উপেক্ষা করেও তারা দাবি আদায়ের জন্য সেখানে অবস্থান চালিয়ে যান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল যমুনায় গিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে আলোচনা করেন। পরে মাহফুজ আলম বলেন, "মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল এবং আমরা বসে বিষয়টি সমাধান করার ব্যাপারে কথা বলেছিলাম। যেহেতু শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, তাদের আন্দোলনে হয়তো কিছু উসকানি সৃষ্টি হয়েছে।"
কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তার মাথায় পানির বোতল নিক্ষেপ করে। ঘটনার পর মাহফুজ আলম তার বক্তব্য বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "আমরা শিক্ষার্থীদের তিনটি দাবি নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। তিনি বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করেছেন এবং তিনি এ বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন।"