নাটোর প্রতিনিধি: নাটোর শহরের ১০টি দোকানে তালা দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হুমকির’ অভিযোগ উঠেছে।
তবে অভিযুক্তদের দাবি, এই দোকানগুলো যে জমিতে সেই জমির আসল মালিক অভিযুক্তরাই, ফ্যাসিবাদের আমলে তাদের জমি দখল করে এইসব দোকান বানিয়েছিলো দোকানদারেরা। তাদের মালিকানাধীন জমি পুনরুদ্ধার করতে তারা ইতিমধ্যে মামলাও করেছেন। এরপরও দোকানিরা দোকান না ছাড়ায় তারা দোকানে তালা দিয়েছেন। এব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাই৷
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তাঁর ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) ও তাঁর বাবা মুজিবর রহমান (৭০)।
বড়াইগ্রাম থানা সূত্র জানায়, উপজেলার নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মদপুর বাজারে জমি কিনে ১০টি দোকানঘর নির্মাণ করেন। তাঁদের নামে এসএ এবং আরএস খতিয়ান আছে। প্রায় ৭০ বছর ধরে তাঁরা ওই জমি ভোগদখলে আছেন এবং নিয়মিত খাজনা দিয়ে আসছেন। গতকাল বেলা ১১টার দিকে রুহুল আমিন, আজিমুদ্দিন, হায়দার আলী, মুজিবর রহমানসহ ৪০-৫০ জন লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে দোকানপ্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দেওয়ার জন্য কোরবান আলীদের হুমকি দেন। তাঁরা রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দখলে নেন। দোকান না ছাড়লে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তবে গ্রেপ্তারের আগে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা রুহুল আমিন বলেন, ‘দোকানের জমির মালিক আমরা। দীর্ঘদিন ওই জমি বেহাত ছিল। এখন আমরা দখলে গেছি। ভাড়া দাবি করেছি। তাই চাঁদা দাবির অভিযোগ উঠেছে।’ তবে দোকানে তালা লাগানো ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির মামলা হয়েছে। মামলার চার আসামিকে সেনাসদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


