ঢাকা

থানায় ঢুকে মব সৃষ্টির চেষ্টা, কারাগারে ৩

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিল থানায় ঢুকে মব সৃষ্টির অভিযোগে, মহসিন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান আহমেদ নামে  তিনজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর  নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আতিকুর রহমান এ আদেশ দেন।

এর আগে, এদিন বিকেলে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মতিঝিল থানার এসআই আবু সালেহ শাহীন। আসামিদের পক্ষে আইনজীবী মেহেদী হাসান সবার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আতিকুর রহমান জামিন শুনানির জন্য আগামী রোববার (০৩ জুলাই) দিন ঠিক করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়, গত বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারকৃতরাসহ ৩০ থেকে ৪০ জন মতিঝিল থানায় প্রবেশ করেন। তারা থানার ওসিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা পুলিশ পরিদর্শকের (তদন্ত) কক্ষে প্রবেশ করেন। সেখানে চার বিচারপ্রার্থীর সঙ্গে আলোচনায় ছিলেন ওসি ও পরিদর্শক। সেখানে গিয়ে আসামিরা ওসিকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন?’ তারা চিৎকার করে ওসির কাছে কৈফিয়ত জানতে চান। পুলিশ সদস্যরা তাদের উগ্র আচরণ বন্ধ করার অনুরোধ করেন। তার পরও তারা থানার ভেতর ত্রাস সৃষ্টি করে।

মামলায় আরও বলা হয়, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কন্ট্রোল রুমকে জানায় থানা কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স থানায় এলে মব সৃষ্টিকারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানার এসআই মুহিউদ্দীন মাছুম দ্রুত বিচার আইনে মামলা করেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স