ঢাকা

জামিন পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা দাবির অভিযোগে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য একজন প্রসিকিউটরের ঘুষ দাবি করার অভিযোগ তদন্তে একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তিনি নিজেই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি কীভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

অভিযোগ রয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপের একাধিক অডিও কথোপকথনের রেকর্ডে এমন তথ্য উঠে এসেছে বলে জানা গেছে।

এর আগে অভিযোগের বিষয়টি সামনে আসার পর তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ওই মামলার দায়িত্ব থেকে সাইমুম রেজা তালুকদারকে সরিয়ে দেন। তবে সে সময় তাঁর বিরুদ্ধে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রসিকিউটরদের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেলা আড়াইটায় আরেকটি বৈঠক শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। ওই বৈঠকেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত দুজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে জানান, পাঁচ সদস্যের এই কমিটির সবাই প্রসিকিউটর। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগের পাশাপাশি আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হককে রাজসাক্ষী করার প্রক্রিয়া ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগসহ জুলাই গণ–অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালকে ঘিরে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ও এই কমিটি তদন্ত করবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স