অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের জন্য ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেধাবিকাশ বৃত্তির আবেদন গ্রহণ শুরু করেছে ব্র্যাক। ব্র্যাকের নিজস্ব অর্থায়ন এবং মরহুম মো. আমিনুল আলমের স্মরণে গঠিত ‘আমিনুল আলম ট্রাস্ট ফান্ড’-এর অধীনে পরিচালিত এই বৃত্তি কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন অনুদানের পাশাপাশি মাসিক ভাতা পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি মেডিকেল কলেজে (এমবিবিএস) অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে উঠে আসা মেধাবীদের জন্য উচ্চশিক্ষার পথ সুগম করা এবং তাঁদের দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম করে তোলা।
কারা আবেদন করতে পারবেন
এই বৃত্তি কেবল তাঁদের জন্য প্রযোজ্য, যারা ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে (Session: 2025–26) সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে নতুন ভর্তি হয়েছেন।
আবেদনকারীদের জন্য প্রধান যোগ্যতাগুলো হলো—
-
সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।
-
পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কম হতে হবে।
-
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত হতে হবে।
-
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসতে হবে।
এ ছাড়া ব্র্যাকের কর্মসূচিভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ব্র্যাক গ্র্যাজুয়েট পরিবারের সন্তান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী—যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া
মেধাবিকাশ বৃত্তির জন্য নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের আয়সংক্রান্ত তথ্যসহ অন্যান্য উপাত্ত পরবর্তী পর্যায়ে যাচাই করা হতে পারে।
বৃত্তির পরিমাণ
নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ২০,০০০ টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি মাসিক ৮,০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে, যা শিক্ষার্থীর শিক্ষাজীবন পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করবে।
আবেদনের বিশেষ নির্দেশনা
আবেদনকারীদের ফরম পূরণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
-
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফল সঠিকভাবে উল্লেখ করতে হবে।
-
সব মূল সার্টিফিকেট, নম্বরপত্র এবং মেডিকেল কলেজে ভর্তি নিশ্চিতকরণ রসিদের পরিষ্কার স্ক্যান কপি (PDF বা JPEG ফরম্যাটে) আপলোড করতে হবে। ঝাপসা বা অস্পষ্ট কপি গ্রহণযোগ্য হবে না।
-
পরিবারের আয়সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।
-
সচল মোবাইল নম্বর ও ই–মেইল ঠিকানা ব্যবহার করতে হবে, যাতে প্রয়োজন হলে যোগাযোগ করা যায়।
ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন যে কোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। ভর্তি রসিদ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
আবেদনের শেষ সময়
মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করা যাবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে ব্র্যাকের এই উদ্যোগ সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত আর্থিক সহায়তা পেলে সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার মতো ব্যয়বহুল কোর্সেও সফলভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।