ঢাকা

সিটি করপোরেশনগুলোতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে আইপিডি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


প্রশাসক দিয়ে দীর্ঘদিন নগর পরিচালনা করলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে দ্রুত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংগঠনটির মতে, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক ক্ষেত্রে নাগরিক সেবার কার্যক্রম স্থবির হয়ে পড়ছে।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইপিডি এ আহ্বান জানায়।

আইপিডির নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকা ধীরে ধীরে বিশ্বের কম বাসযোগ্য শহরগুলোর তালিকায় চলে যাচ্ছে। একই ধরনের চাপের মধ্যে রয়েছে চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লাসহ দ্রুত সম্প্রসারিত অন্যান্য শহরও। অনিয়ন্ত্রিত নগরায়ণ, দুর্বল সেবা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে নগর সমস্যাগুলো ক্রমেই জটিল আকার ধারণ করছে।

বিবৃতিতে নগর উন্নয়নের জন্য ১২ দফা সুপারিশ তুলে ধরেছে আইপিডি। এতে বলা হয়, কেবল ব্যয়বহুল অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দিলে নগর সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যাবে না। বরং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করা হলে তুলনামূলক কম খরচে কার্যকর সমাধান পাওয়া সম্ভব।

যানজট কমাতে শুধু উড়ালসড়ক বা বড় অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর না করে গণপরিবহনভিত্তিক পরিকল্পনা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মেট্রোরেল, বিআরটি, আধুনিক বাসসেবা চালু, বাস রুট রেশনালাইজেশন এবং পথচারীবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া নগরের ফুটপাত দখলমুক্ত করা, বৈধ হকারদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনা এবং হারিয়ে যাওয়া খাল-নদী পুনরুদ্ধারের মাধ্যমে স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সব সিটি করপোরেশন ও পৌরসভায় সমন্বিত টাস্কফোর্স গঠন, উৎস পর্যায়ে বর্জ্য আলাদা করা, পুনর্ব্যবহার বাড়ানো এবং জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আইপিডি বলেছে, নগর উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদার করতে সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও অন্যান্য সেবা সংস্থার মধ্যে তথ্যনির্ভর ডিজিটাল ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা জরুরি। পাশাপাশি পরিকল্পনা লঙ্ঘন ও পরিবেশসংক্রান্ত অপরাধ মোকাবিলায় বিশেষায়িত আদালত গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স