ঈদুল ফিতরের ছুটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা ও অব্যবস্থাপনা এবং সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
শনিবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ১৫–১৬ জন সংসদ সদস্য বক্তব্য দেন। মাঝখানে আসরের নামাজের বিরতি ছিল। প্রধানমন্ত্রী সবার বক্তব্য শোনেন, তবে নিজে বিস্তারিত মন্তব্য করেননি বলে জানা গেছে।
দুর্ঘটনা ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ
বৈঠকে একাধিক এমপি ঈদযাত্রায় সড়ক ও নৌপথে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা তুলে ধরেন। তাঁরা পরিবহন খাতে অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচলে শৃঙ্খলার অভাব, অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলম বৈঠকে লোকবলসংকটসহ কিছু কাঠামোগত সমস্যার কথা স্বীকার করেন বলে সূত্র জানিয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় আসে।
জ্বালানি পরিস্থিতি: মজুত আছে, অভিযোগ কৃত্রিম সংকটের
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের অস্থিরতার প্রভাব নিয়েও আলোচনা হয় বৈঠকে। দায়িত্বশীল ব্যক্তিরা জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে কয়েকজন এমপি অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালানের কারণে বাজারে সরবরাহে ঘাটতির ধারণা তৈরি হয়েছে।
ডিজেল ও অকটেনের দাম প্রতি লিটারে ১ থেকে ২০ টাকা পর্যন্ত কমানোর প্রস্তাবও দেন কয়েকজন সদস্য, যাতে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও চোরাকারবারিদের নিরুৎসাহিত করা যায়।
বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে দুই লাখ টন তেলের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও দুই লাখ টন শিগগিরই পৌঁছাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি হলেও সরকার ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তিনি জানান, প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।
তেলের সরবরাহ ঘাটতি ‘কৃত্রিমভাবে’ তৈরি হয়েছে বলে দাবি করেন চিফ হুইপ। কিছু গণমাধ্যমের প্রচার, অতিরিক্ত ক্রয়প্রবণতা এবং চোরাচালানকে এর জন্য দায়ী করা হয়। মজুতদারি ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী দেশে দাম বাড়লেও বাংলাদেশে জ্বালানির মূল্য না বাড়ানো সরকারের সাফল্য। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় রেখে ভর্তুকির মাধ্যমে সরবরাহ বজায় রাখা হচ্ছে। চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
দলীয় প্রতিবেদন পাঠ ও রাজনৈতিক বার্তা
বৈঠকের শুরুতে চিফ হুইপ নূরুল ইসলাম একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘জনকল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকারের পথচলার ৩৭ দিন’ শীর্ষক প্রতিবেদন পড়ে শোনান। পরে সংসদ সদস্যদের ওই পত্রিকার কপি দেওয়া হয়। প্রতিবেদনে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা তুলে ধরা হয়।
সভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বক্তব্য দিলেও রোহিঙ্গা সংকট নিয়ে কিছু না বলায় উখিয়া–টেকনাফ আসনের এমপি শাহজাহান চৌধুরী প্রশ্ন তোলেন। পরে এ বিষয়ে পৃথক বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সামনে সংসদ অধিবেশন
১৩ দিনের বিরতির পর রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। এর আগে দুপুরে বিএনপির সংসদীয় দল আবার বৈঠকে বসবে। সেখানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেবেন। সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়েও আলোচনা হতে পারে।
সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়।
প্রতি মাসে এমপিদের ব্রিফিং
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সংসদ নেতা প্রথমবারের মতো মন্ত্রীদের বাধ্য করেছেন নিয়মিতভাবে এমপিদের ব্রিফিং দিতে, যাতে তাঁরা নিজ নিজ এলাকায় সরকারি সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। ভবিষ্যতে প্রতি মাসে এমন ব্রিফিং আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
ঈদ–পরবর্তী দুর্ঘটনা ও জ্বালানি ইস্যুতে এমপিদের ক্ষোভ—এ বৈঠক থেকে সরকারের জন্য স্পষ্ট বার্তা হয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, আলোচনার প্রতিফলন মাঠপর্যায়ে কত দ্রুত ও কার্যকরভাবে দৃশ্যমান হয়।