ঢাকা

চীন সফরের জন্য বিএনপি প্রতিনিধিদল গঠন, নেতৃত্বে ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির একটি ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনে যাচ্ছেন। সফরটি চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এর আমন্ত্রণে অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের আনুষ্ঠানিক সময়কাল এপ্রিলের ১৬ থেকে ২৪, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত থাকবেন। প্রতিনিধিদলে মূলত নবনির্বাচিত সংসদ সদস্যরা থাকছেন।

সফরের সময় প্রতিনিধি দল বেইজিং ছাড়াও অনহুই এবং গুয়াংডং প্রদেশ সফর করবে। সেখানে তারা সিপিসির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেবেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই সফর রাজনৈতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ধারাবাহিকতার প্রতিফলন। এছাড়া আঞ্চলিক ভূরাজনীতিতেও এর তাৎপর্য গুরুত্বপূর্ণ।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ২৫ মার্চ মির্জা ফখরুলকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়ে জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টি এবং বিএনপি দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। দুই দেশের জনগণের কল্যাণে এবং দ্বিপক্ষীয় সহযোগিতায় এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়নে চীনের বিশেষ তৎপরতা অন্তর্বর্তী সরকারের সময় থেকে লক্ষ্য করা যায়। তখন বিএনপির অন্তত চারটি প্রতিনিধি দল চীন সফর করেছে, যা বর্তমান সফরের ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স