ঢাকা

বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নববর্ষ বরণে প্রস্তুত এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক এ আয়োজনে বৈশাখী মেলাসহ শোভাযাত্রা, গান, নৃত্য, বায়োস্কোপ এবং বাঙালিয়ানার নানা ঐতিহ্যবাহী উপস্থাপনা রাখা হয়েছে।

এনসিপির সংস্কৃতি সেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে সোমবার রাত থেকেই রাজধানীর বাংলামোটর এলাকার নেভি গলিতে আলপনা আঁকার কাজ চলছে। প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে রাতে উপস্থিত থাকার কথা রয়েছে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

দলের সংস্কৃতি সেলের সম্পাদক লুৎফর রহমান জানান, পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দুপুরের পর থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে একটি বর্ণিল শোভাযাত্রা, যাতে অংশ নেবেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। শোভাযাত্রাটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে পুনরায় বাংলামোটরে এসে শেষ হবে।

একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসবে বৈশাখী মেলা। মেলায় থাকবে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার, যেমন মুড়ি-মুড়কি ও জিলাপি, পাশাপাশি বাহারি খাবারের স্টল এবং মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রের দোকান। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে গান, নৃত্য এবং বায়োস্কোপ—যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে।

আয়োজকরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ছয়টার আগেই মেলার কার্যক্রম সমাপ্ত করা হবে।

এনসিপি বর্ষবরণের এ আয়োজনে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। দলটির নেতারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও উৎসবের আবহ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স