ঢাকা

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

সরকার দুই বছরের চুক্তিতে তাঁকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দিয়েছে। এ বিষয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আব্দুল মুহিত বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। রাষ্ট্রদূত হিসেবে তাঁর প্রথম দায়িত্ব ছিল ডেনমার্কে।

কর্মজীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে বাংলাদেশের মিশনেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ আব্দুল মুহিত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হিসেবে তাঁর অব্যবহৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হওয়া কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখার সুযোগ থাকবে না।

হাইকমিশনার হিসেবে তাঁর নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স