ঢাকা

নটর ডেম কলেজে ভর্তিতে নতুন শর্ত, আবেদন করতে পারবেন না ‘ও’ লেভেল শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির জন্য বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে ঢাকার নটর ডেম কলেজ। এবার কলেজটিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে এবং চলবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। এ বছর আবেদন ফি বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ ফি ছিল ৪০০ টাকা।

নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন শেষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

এবার কলেজটিতে একাদশ শ্রেণিতে মোট ৩ হাজার ২৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি, ইংরেজি মাধ্যমে ৩২০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি আসন রয়েছে।

আবেদনের যোগ্যতা

কলেজের প্রকাশিত ভর্তি নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে এসএসসিতে পঠিত বিষয়গুলোর মধ্যে উচ্চতর গণিত থাকা বাধ্যতামূলক। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—প্রতিটি বিভাগের জন্য আলাদা ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ এবং মানবিক বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৩ নির্ধারণ করা হয়েছে।

তবে এসএসসিতে বাংলা মাধ্যমে পড়া শিক্ষার্থীরা নটর ডেম কলেজের ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। একই সঙ্গে ‘ও’ লেভেল (O Level) শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

যেভাবে হবে ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন

নটর ডেম কলেজে ভর্তি শুধু অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন হবে না; লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারী সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এরপর এসএসসিতে অর্জিত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম থেকে ১ হাজার ৯০০ জন, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম থেকে ৪০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন এবং মানবিক বিভাগ থেকে ৬০০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিক তালিকায় রাখা হবে।

পরবর্তী সময়ে এসএসসির জিপিএ, লিখিত পরীক্ষার ফল এবং মৌখিক পরীক্ষার ফল—এই তিনটি বিবেচনায় নিয়ে মেধাক্রম তৈরি করা হবে। সেই মেধাক্রমের ভিত্তিতেই চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হবে।

আসন খালি থাকলে দ্বিতীয় তালিকা

প্রথম ধাপে চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর কোনো আসন খালি থাকলে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অর্জিত মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

ভর্তি পরীক্ষা ও পরবর্তী ধাপের বিস্তারিত নির্দেশনা নটর ডেম কলেজের ওয়েবসাইট এবং কলেজের ফেসবুক পেজ ‘NDC Learning’-এ প্রকাশ করা হবে।

কোন বিষয়ে হবে ভর্তি পরীক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় বিভাগভেদে আলাদা।

বিজ্ঞান বিভাগের পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগের পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

এ ছাড়া কোনো শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করলে তাকে বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করা শিক্ষার্থীকে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

ফল পুনর্নিরীক্ষণে যোগ্যতা অর্জন করলে করণীয়

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়ে কোনো শিক্ষার্থী নটর ডেম কলেজে আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে বিশেষভাবে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের এক দিনের মধ্যে শিক্ষার্থীকে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

আবেদন ও পরীক্ষায় সতর্কতা

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য দিয়ে ভর্তি হলে পরবর্তী সময়ে সেই ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে ভর্তির জন্য দেওয়া অর্থও ফেরত দেওয়া হবে না। তাই আবেদন করার সময় শিক্ষার্থীদের তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে কলেজের হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বরগুলো হলো—০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১ ও ০১৯৩৩৩২২৫৩২। হেল্পলাইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।

যেসব শিক্ষার্থীকে আবেদন না করতে বলেছে কলেজ

ভর্তি নির্দেশনায় নটর ডেম কলেজ শিক্ষার্থীদের আচরণ ও কলেজের নিয়ম মেনে চলার বিষয়েও বিশেষভাবে সতর্ক করেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যারা কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরতে, কলেজের আইডি কার্ড ব্যবহার করতে এবং নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

এ ছাড়া ধূমপান করেন—এমন শিক্ষার্থীদেরও আবেদন না করার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একাডেমিক যোগ্যতার পাশাপাশি কলেজের নির্ধারিত শৃঙ্খলা, পোশাকবিধি ও নিয়মিত ক্লাসে অংশগ্রহণের বিষয়টিকেও ভর্তি-পরবর্তী শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদন ফি বৃদ্ধি, ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদনের সুযোগ না থাকা, বিভাগভিত্তিক ন্যূনতম জিপিএ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন এবং মোট ৩ হাজার ২৯০টি আসন—এসব বিষয় শিক্ষার্থীদের আবেদন করার আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স