সামার সেমিস্টারকে সামনে রেখে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদপুরের আদাবরে স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মুজাক্কীরুল হুদা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাদিক ইকবাল, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান কাজী লতিফুর রেজা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবারের ভর্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ ও প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ পাবেন। পাশাপাশি তারা ক্যাম্পাসের শিক্ষা–সুবিধা, অবকাঠামো এবং একাডেমিক পরিবেশ সরেজমিন পরিদর্শন করতে পারবেন। মেলার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আগ্রহী শিক্ষার্থীরা অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।
ভর্তি প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করতে মেলায় বিশেষ আর্থিক সুবিধাও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সামার সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ন্যূনতম ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি মওকুফ সুবিধা পাবেন। এছাড়া মেলা চলাকালীন অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ফি ছাড়ে ভর্তির সুযোগ রাখা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) মেলার সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ইতোমধ্যে মেলায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।