ঢাকা

মোহাম্মদপুরে পুলিশের মহড়া ও ব্লক রেইড অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার রাতে বিশেষ মহড়া ও ব্লক রেইড পরিচালনা করেছে পুলিশ। রাত আটটার দিকে তিন রাস্তার মোড় থেকে অভিযান শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে। এতে মোহাম্মদপুর থানা–পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মোট ৬৬ জন সদস্য অংশ নেন।

পুলিশ সদস্যরা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, সাদেক খান কাঁচাবাজার এবং জাফরাবাদের বিভিন্ন স্থানে টহল ও তল্লাশি চালান। স্থানীয় বাসিন্দাদের আইনশৃঙ্খলা বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।

মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, অনেক পুলিশ সদস্য নতুনভাবে এ এলাকায় দায়িত্ব পেয়েছেন। তাঁদের সমন্বয় ও মনোবল বাড়ানোর পাশাপাশি অপরাধ দমনে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করাই ছিল অভিযানের লক্ষ্য।

অভিযান শুরুর কিছু সময় পর তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ধরতে পুরো এলাকায় ‘ব্লক রেইড’ শুরু হয়েছে। এ অভিযান মধ্যরাত পর্যন্ত চলার কথা ছিল।

সম্প্রতি এক প্রতিবেদনে মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে খুন, দখল ও চাঁদাবাজিসহ নানা অপরাধের চিত্র তুলে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রায় অর্ধশত অপরাধী চক্র সক্রিয়, যার মধ্যে ১৭টি বড় দল হিসেবে চিহ্নিত। প্রতিটি দলে গড়ে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে।

এদিকে দিনভর অভিযানে তেজগাঁও বিভাগীয় এলাকায় বিভিন্ন অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার আসামিরা রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স