সারা দেশে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে পরীক্ষার্থী পরিসংখ্যানে। দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। একই সঙ্গে গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হতে যাওয়া এ পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১৯ লাখ ৩৬ হাজারেরও বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ৭৯ হাজার ২৩৫ জন।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৮ লাখ ৯৫ হাজার ৩৯৯ জন। কিন্তু এদের মধ্যে এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছে মাত্র ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। অর্থাৎ প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী মাঝপথেই ছিটকে পড়েছে বা অন্য কোনো কারণে পরীক্ষায় অংশ নিচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “এবার কেন এত পরীক্ষার্থী কম হলো, তা খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানান, গত বছর অনুপস্থিত পরীক্ষার্থীদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে বাল্যবিবাহ একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল।
বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৩ লাখ ৩৪ হাজার ৩৩৩ জন। এর মধ্যে এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১১ লাখ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে এ খাতেই প্রায় ২ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার বাইরে রয়ে গেছে—যারা হয় ঝরে পড়েছে, নয়তো পূর্ববর্তী শ্রেণিতে আটকে আছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর আগে নিবন্ধিত প্রায় ৩ লাখ ৭৮ হাজার শিক্ষার্থীর মধ্যে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৩৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডে নিবন্ধিত প্রায় ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে এক লাখ ছয় হাজারের কিছু বেশি।
এবার অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও কম নয়। চার লাখের বেশি অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী এক বিষয়ে অংশ নিচ্ছে, আর বাকিরা দুই বা ততোধিক বিষয়ে পুনরায় পরীক্ষা দিচ্ছে।
সব মিলিয়ে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষার বাইরে চলে যাওয়া শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।