ঢাকা

বুয়েটে স্নাতকোত্তর ও গবেষণা প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Bangladesh University of Engineering and Technology (বুয়েট)-এ ২০২৫ সালের অক্টোবর সেমিস্টারের জন্য বিভিন্ন স্নাতকোত্তর (পোস্টগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মাস্টার্স, এমফিল, পিএইচডি ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ মে ২০২৬।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুয়েটের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে। এর মধ্যে আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকবে।
এছাড়া কেমিস্ট্রি, গণিত ও পদার্থবিজ্ঞানে এমফিল প্রোগ্রাম চালু রয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে এম আর্ক, এমএস আর্ক, এমএসসি, এম ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশন সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। একই সঙ্গে Institute of Information and Communication Technology (আইআইসিটি) থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস আইটি প্রোগ্রামেও ভর্তির সুযোগ থাকছে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের সব পাবলিক পরীক্ষার সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার অনাপত্তিপত্র (এনওসি) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ৫০০ টাকা আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ সম্পন্ন না হলে আবেদন চূড়ান্ত হিসেবে গণ্য হবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তিসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, বিষয়ভিত্তিক শর্ত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিভাগ বা ইনস্টিটিউটের অফিস থেকে জানা যাবে।
উচ্চশিক্ষায় গবেষণার আগ্রহ বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বুয়েটের এ ধরনের স্নাতকোত্তর প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স