ঢাকা

উত্তরায় বাবার সামনেই অপহৃত স্কুলছাত্রী, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর উত্তরায় বাবার চোখের সামনে থেকে অপহৃত এক দশম শ্রেণির শিক্ষার্থীকে ৯ দিন পর গাজীপুরের পুবাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত লামীন ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। পথে উত্তরার ৬ নম্বর সেক্টরে পৌঁছালে লামীন ইসলামসহ কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে জোর করে মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায় তারা।

ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছানোর পর ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

মামলার পরই পুলিশ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইলের পদহারা বাইত এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং মূল হোতা লামীন ইসলামকে আটক করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স