ঢাকা

এসএসসি-সমমানের ফল আজ প্রকাশ, ফল জানার সুযোগ দুই পদ্ধতিতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষণা অনুযায়ী, সকাল ১০টায় ফল প্রকাশ হবে। ফলাফল শিক্ষার্থীরা মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

অনলাইনে ফল দেখার নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন ব্যবস্থার মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন।

এসএমএসে এসএসসি ফল

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এবার ১৬২২২ নম্বরের পাশাপাশি ১৬১৪০ নম্বরেও ফলাফল পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, তারপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিল পরীক্ষার্থীদের ফল

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ফল পেতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রিরেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল চলে যাবে।

কারিগরি শিক্ষার্থীদের পদ্ধতি

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল এসএমএসে জানতে SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের কার্যালয় থেকে ব্যক্তিগত ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।

প্রতিষ্ঠানের ফলাফল দেখবেন যেভাবে

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফলাফল বা রেজাল্ট শিট দেখতে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিলে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখা ও ডাউনলোড করা যাবে।

নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ফল

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে গত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

পরীক্ষার্থী ১৮ লাখের বেশি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী ছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স