ঢাকা

আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চার দিনের আয়োজনে থাকছে প্যারেড, সম্মেলন ও বিশেষ কর্মসূচি

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসকে ঘিরে এবারও থাকছে বর্ণিল আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুলিশের সুসজ্জিত প্যারেড পরিদর্শন করবেন এবং বিভিন্ন ইউনিটের সদস্যদের অভিবাদন গ্রহণ করবেন। পরে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এবারের প্যারেড পরিচালনার দায়িত্বে থাকছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তাঁর নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেবেন। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পুলিশ সপ্তাহ ঘিরে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হবে বিশেষভাবে। জাতীয় পত্রিকাগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র, আর টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ব্যয় সাশ্রয় নীতির কারণে এবারের আয়োজন আগের তুলনায় সীমিত আকারে করা হচ্ছে। সাত দিনের পরিবর্তে চার দিনে কর্মসূচি শেষ করা হবে। অতিথি ও আনুষ্ঠানিক আয়োজনও কমানো হয়েছে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপ্তি ঘটবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।

প্রতি বছরের মতো এবারও সাহসিকতা, পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুলিশ পদক দেওয়ার আলোচনা রয়েছে। তবে কোন কোন কর্মকর্তা পদক পাচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চার দিনের সূচিতে যা থাকছে

রোববার:
রাজারবাগে পুনাকের স্টল পরিদর্শন এবং কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হবে।

সোমবার:
পুলিশের প্রশাসনিক সম্মেলন, পুনাক সমাবেশ এবং সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার:
শিল্ড প্যারেডের ফাইনাল, আইজি ব্যাজ প্রদান, অস্ত্র ও মাদক উদ্ধারে অবদানের জন্য পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম উপস্থাপন করা হবে।

বুধবার:
এসবি, সিআইডি ও পিবিআইয়ের অপরাধবিষয়ক সম্মেলন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা এবং অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাদের পুনর্মিলনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে পুলিশ সপ্তাহের কার্যক্রম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স