ঢাকা

হাম পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বিস্তৃত করণীয় তুলে ধরল গণতান্ত্রিক অধিকার কমিটি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটির মতে, বর্তমান পরিস্থিতি দেশের জনস্বাস্থ্যব্যবস্থা ও টিকাদান কর্মসূচির নানা দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে তারা।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন আনু মুহাম্মদ, হারুন-অর-রশীদ, কাজী রকিবুল ইসলাম, জয়দীপ ভট্টাচার্য, নাজমুস সাকিব ও সজীব তানভীর।

বিবৃতিতে দাবি করা হয়, টিকা সংগ্রহে অব্যবস্থাপনা, প্রশাসনিক জটিলতা এবং জনস্বাস্থ্য খাতে অবহেলার কারণে হামের সংক্রমণ বাড়ছে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি দুর্বল হয়ে পড়েছে। প্রতিরোধযোগ্য এই পরিস্থিতির জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনারও দাবি জানানো হয়।

সংগঠনটি বলেছে, হামের বিস্তার এখন কেবল স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। এমনকি আগে টিকা নেওয়া শিশু ও ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। সময়মতো যথাযথ ব্যবস্থা নিলে অনেক মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব হতো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জনস্বাস্থ্য ও শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সংগঠনটি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া প্রতিটি হাসপাতালে সংক্রামক রোগ মোকাবিলায় বিশেষ কর্নার চালু, প্রয়োজনীয় ওষুধ ও ভিটামিন সরবরাহ নিশ্চিত করা এবং টিকা নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও ভুল তথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোগ নজরদারি ব্যবস্থা সক্রিয় করা, জনস্বাস্থ্যের জরুরি অপারেশন সেন্টার চালু রাখা, পুষ্টি ও মাতৃদুগ্ধভিত্তিক কর্মসূচি শক্তিশালী করা এবং হাম নির্মূল কৌশলপত্র পুনরায় কার্যকর করা জরুরি। একই সঙ্গে দেশীয় ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার, জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী নীতিমালা চালু এবং বিভাগীয় শিশু হাসপাতালগুলো দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর দাবিও জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স