ঢাকা

নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৪ বছরের যুবকের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর নয়াপল্টনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিজান হাওলাদার নামে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ভোর ৫টার দিকে দ্রুতগতির কোনো গাড়ি মিজানকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

নিহত মিজান হাওলাদারের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। তাঁর বাবার নাম মফিজ হাওলাদার।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোরের দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনের সড়কে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে সকাল পৌনে ৭টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আশপাশের কেউ ওই যুবককে শনাক্ত করতে পারেননি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়। সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন এবং আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

ইতোমধ্যে মিজানের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত ও ঘটনার বিস্তারিত কারণ জানতে আইনগত কার্যক্রম চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স