ঢাকা

১৭ দিনেও খোঁজ মেলেনি মাইলস্টোন কলেজের দুই শিক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর মাইলস্টোন কলেজের দুই কিশোর শিক্ষার্থী টানা ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ঢাকার তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই শিক্ষার্থীর একজন মাফি বি সরকার এবং অন্যজন মেহেদী হোসেন রাফসান। দুজনের বয়সই ১৭ বছর এবং তারা একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করত। গত ২৩ এপ্রিল সন্ধ্যার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়ার আগে দুই কিশোরই নিজেদের মুঠোফোন বাসায় রেখে যায়। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পরিকল্পিতভাবেই বাড়ি ছেড়েছে। তবে তাদের অবস্থান বা নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই বন্ধু বিভিন্ন সময় পরিচিতজনদের কাছে স্বাধীনভাবে জীবনযাপন করার ইচ্ছার কথা বলেছিল। সেই বিষয়টিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তুরাগ থানার তদন্ত কর্মকর্তা জানান, মাফি বি সরকার পড়াশোনায় কিছুটা অনাগ্রহী ছিল বলে পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মানসিক চাপ বা অভিমান থেকে সে বাড়ি ছেড়ে যেতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য কোনো কারণ জড়িত আছে কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

তবে মাফির পরিবার জানিয়েছে, লেখাপড়ার বিষয় নিয়ে তাকে কখনো কঠোরভাবে চাপ দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে তার বড় ধরনের কোনো বিরোধও ছিল না বলে দাবি করেন স্বজনেরা।

অন্যদিকে মেহেদী হোসেন রাফসানের পরিবার বলছে, সে পড়াশোনায় মনোযোগী ছিল এবং কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। পরিবার এখনো নিশ্চিত হতে পারছে না, সে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে নাকি অন্য কোনো ঘটনার শিকার হয়েছে।

দুই পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স