পুলিশ সদস্যদের বিভিন্ন দীর্ঘদিনের দাবির বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অতিরিক্ত দায়িত্ব পালনের ভাতা, অবসরের সময় সম্মানসূচক পদোন্নতি এবং পুলিশ হাসপাতালের উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।
রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ চাকরি শেষে অনেক কনস্টেবল পদোন্নতি ছাড়াই অবসরে যান। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অবসরের সময় বিশেষ সম্মানসূচক পদোন্নতির পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত ব্যবস্থায় কনস্টেবলদের অনারারি এএসআই, এএসআইদের অনারারি এসআই এবং এসআইদের অনারারি পরিদর্শক পদে উন্নীত করার সুযোগ রাখা হতে পারে।
তিনি আরও জানান, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশেষ নীতিমালার আওতায় পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা এই সুবিধার আওতায় আসতে পারেন বলে জানান তিনি। সরকারের আশা, এতে সদস্যদের কর্মস্পৃহা ও সেবার মান আরও বাড়বে।
পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। প্রয়োজন অনুসারে নতুন ও উন্নতমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
আবাসন সমস্যার সমাধানে নতুন ভবন ও অফিস নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি। ভূমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান মন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা আরও স্থিতিশীল করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণের ওপরও জোর দেন তিনি।
সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন ও যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ‘মব কালচার’ ঠেকাতে প্রচলিত আইন আরও কার্যকর করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।