ঢাকা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সামার–২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে গত সোমবার (১১ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রম, ক্যারিয়ার উন্নয়ন এবং ক্যাম্পাস সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান।

ক্লাব রিক্রুটমেন্টে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে ওরিয়েন্টেশনের অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও ক্লাব অংশ নেয়। প্রতিটি ক্লাবের আলাদা বুথে গিয়ে নবীন শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী সদস্য হওয়ার সুযোগ পান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময়

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে কর্মজীবনে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবীনদের জন্য ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনা দেন।

অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য দেন র‍্যানকন অটো ডিভিশন-২–এর ক্রিয়েটিভ লিড এ এস এম আরিফ, Global Alliance for Improved Nutrition–এর ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও AstraZeneca–র ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসি–র প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং–এর সিইও এ এম তাজউদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, প্রযুক্তিগত জ্ঞান ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দিলে ভবিষ্যৎ কর্মজীবনে সফল হওয়া সহজ হয়।

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পাশাপাশি গত সেমিস্টারে বিভিন্ন অনুষদে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

দিনব্যাপী এ আয়োজন শেষ হয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই ওরিয়েন্টেশন নবীনদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক সূচনা হিসেবে কাজ করবে এবং তাদের সফল শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তুলবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স