আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এই উপবৃত্তির জন্য আজ রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
যেসব সুবিধা পাবেন শিক্ষার্থীরা
‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ, টিউশন ফি এবং অন্যান্য আর্থিক সুবিধা পাবেন। এর মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (e-Stipend Management System)–এর মাধ্যমে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি
আবেদন শুরু: ১৭ মে ২০২৬, সকাল ৯টা
আবেদনের শেষ সময়: ১৪ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক যাচাই ও ফরওয়ার্ড: ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আবেদন যাচাই প্রক্রিয়া
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীর উপস্থিতি এবং বাছাই কমিটির রেজোল্যুশন সফটওয়্যারে আপলোড করবেন। এরপর আবেদনটি পিএমইএটির (PMEAT) ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করা হবে।
হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, পুরো কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো আবেদনপত্রের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
বিস্তারিত তথ্য ও সহায়তা
উপবৃত্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
যেকোনো সমস্যায় অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—
০২-৫৫০০০৪২৮
০১৭৭৮৯৫৮৩৫৬
০১৭৭৮৯৬৪১৫৬
উচ্চশিক্ষা পর্যায়ে আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যারা নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন, তাদের সময়মতো আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।