ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের কয়েকজন নেতাসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপি নেতা তারেক রেজা। মামলায় অজ্ঞাতপরিচয় আরও শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ। এ ছাড়া পৌর ছাত্রদলের কয়েকজন নেতার নামও রয়েছে।
ঘটনার জেরে রাতেই শহরে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা থানার ভেতরে অবস্থান করা নাসীরুদ্দীন পাটওয়ারীকে বের করে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে উত্তেজনার মধ্যে থানার দিকে ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। পরে তাঁরা শহরের পায়রা চত্বরে সমাবেশ করেন এবং সেখানে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বক্তব্য দেন।
এর আগে দুপুরে শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করা হয়। হামলার ঘটনায় নাসীরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে ঝিনাইদহ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।