ঢাকা

স্থানীয় সরকার খাতে ১৭ বছরের কার্যক্রম পর্যালোচনায় তদন্ত কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে পরিচালিত উন্নয়ন কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে সরকার। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম পর্যালোচনা করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে জানানো হয়েছে, কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এ সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় নথি, তথ্য ও প্রমাণ সংগ্রহ করবে। প্রয়োজনে অতিরিক্ত সদস্যও যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

কমিটির নেতৃত্বে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক। এছাড়া বিভাগটির বিভিন্ন শাখার একাধিক উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও যুগ্ম সচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা-১ অধিশাখার যুগ্ম সচিব মো. সামছুল ইসলামকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের আওতায় সারা দেশে অবকাঠামো নির্মাণ, নাগরিকসেবা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়। এসব প্রকল্প বাস্তবায়নের সময় কোথাও অর্থ অপচয়, ক্ষমতার অপব্যবহার কিংবা অনিয়ম হয়েছে কি না, সেটিই অনুসন্ধান করবে কমিটি।

তদন্তের আওতায় থাকা সময়কালে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়কালও এই অনুসন্ধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের আড়ালে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই অনুসন্ধানের মূল উদ্দেশ্য কাউকে লক্ষ্য করে হয়রানি করা নয়; বরং স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স