ঢাকা

ফতুল্লায় শিশুকে নির্যাতনের অভিযোগে মামলা, এক যুবক কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত ব্যক্তি স্থানীয়দের মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। অভিযুক্ত দুজনই তাঁদের প্রতিবেশী বলে জানা গেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো শিশু এ ধরনের সহিংসতার শিকার না হয়।

আদালত সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সোহেল নামের এক আসামিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিশুটির জবানবন্দি গ্রহণ শেষে তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় কৌশলে তাকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে দুই তরুণের বিরুদ্ধে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতের দিকে অভিযুক্ত হিরু নামে এক যুবককে স্থানীয় লোকজন মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একই রাতে অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত সোহেলকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় হিরু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা থানায় গিয়ে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত মেডিকেল প্রতিবেদন জমা দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স