সমসাময়িক বিশ্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাদান, গবেষণা দক্ষতা ও একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। ‘এসেনশিয়ালস অব ইউনিভার্সিটি একাডেমিকস ইন কনটেম্পোরারি ওয়ার্ল্ড: বিল্ডিং টিচিং ক্যাপাবিলিটি অ্যান্ড ডেভেলপিং রিসার্চ স্কিলস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে জেনেভাভিত্তিক এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)।
গত ১৮ ও ১৯ মে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এই কর্মশালায় দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণপদ্ধতির সঙ্গে পরিচয় এবং গবেষণাভিত্তিক একাডেমিক পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় ঢাকা ও চট্টগ্রামের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮২ জন শিক্ষক, গবেষক ও আগ্রহী একাডেমিশিয়ান অংশ নেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক এবং বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল। স্বাগত বক্তব্য দেন এইচআরডিআইয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) তাহসিনা ইয়াসমিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইডব্লিউবিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মাউজা আল জাবি।
দুই দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনে আধুনিক শিক্ষণপদ্ধতি, কারিকুলাম উন্নয়ন, গবেষণা নকশা, একাডেমিক রাইটিং, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা কৌশল এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং নিজেদের একাডেমিক ও গবেষণাকাজে প্রয়োগযোগ্য বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
কর্মশালায় উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম) প্রাপ্ত ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের এমেরিটাস অধ্যাপক শাহজাহান খান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক দাতো মোহাম্মাদ ফাউজান নূরদিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবির এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শামসুদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব কেবল শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। তাদের গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং শিক্ষার্থীকেন্দ্রিক, ফলাফলভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষণপদ্ধতির প্রসার অত্যন্ত জরুরি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার এমেরিটাস অধ্যাপক শাহজাহান খান ওএএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল।
আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে সহায়তা করবে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।