ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান-স্টপ সেবায় এলো নতুন নিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
শিক্ষার্থীদের সনদসংক্রান্ত সেবা আরও সুশৃঙ্খল ও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মূল সনদ উত্তোলন, সনদ সংশোধন, সত্যায়ন, ডুপ্লিকেট সনদসহ ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং বিশেষ পরিস্থিতিতে কে সেবা নিতে পারবেন—সেসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রার্থী অসুস্থ থাকলে বা বিদেশে অবস্থান করলে তিনি নিজে উপস্থিত হতে না পারলেও তাঁর নিকটাত্মীয় নির্দিষ্ট শর্তসাপেক্ষে সেবা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে রক্তের সম্পর্কের আত্মীয়—যেমন বাবা, মা, ভাই, বোন অথবা আইনানুগ স্বামী বা স্ত্রী—প্রার্থীর পক্ষে সেবা নিতে পারবেন।

তবে এজন্য প্রার্থীর অসুস্থতা কিংবা বিদেশে অবস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি সেবা গ্রহণের সময় প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। সেবা নিতে এসে প্রয়োজনীয় নথি না থাকলে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সেবা গ্রহণের ক্ষেত্রে যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলোর তালিকাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পে-স্লিপ, আবেদনের হার্ড কপি এবং সেবাভেদে প্রয়োজনীয় মূল নথিপত্র।

মূল সনদ উত্তোলনের ক্ষেত্রে সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে। আর সনদ বা তথ্য সংশোধনের আবেদন করলে ভুল থাকা ডকুমেন্টের মূল কপি দাখিল করতে হবে।

এ ছাড়া ডুপ্লিকেট বা দ্বি-নকল সনদের জন্য আবেদনকারীদের সাধারণ ডায়েরি (জিডি) এবং পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কাটিং জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিচয় যাচাইয়ের জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং এর একটি ফটোকপি জমা দিতে হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করা হলেও অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ কাগজপত্র ও অনিয়মের কারণে জটিলতা তৈরি হচ্ছিল। নতুন নির্দেশনার ফলে সেবা কার্যক্রম আরও গতিশীল ও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স